উপজেলা নির্বাচনে কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দেশের কয়েকটি স্থানে অর্ধদিবস হরতাল পালন করেছে বিএনপিসহ ১৯ দলীয় জোট। অনেক প্রার্থী পুন:নির্বাচনেরও দাবি জানিয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
পরশুরাম সংবাদদাতা জানান, দাগনভূঁঞা উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির প্রতিবাদে এবং পুনঃনির্বাচনের দাবিতে রবিবার ফেনী জেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। তবে শহরের রাস্তায় হরতাল সমর্থকদের কোনরকম মিছিল মিটিং বা পিকেটিং লক্ষ্য করা যায়নি। শহরে যানবাহন চলতে দেখা গেছে। এদিন শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
কুমিল্লা প্রতিনিধি জানান, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে এবং পুনরায় নির্বাচনের দাবিতে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে গতকাল রবিবার অর্ধদিবস হরতার পালন করে ১৯ দলীয় জোট। তবে হরতাল ডেকে জোটের নেতা-কর্মীরা মাঠে ছিল না। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এছাড়া উপজেলার আর কোথাও মিছিল বা অন্য কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি।
