হাটহাজারী উপজেলার শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে ওঠা সিরাজ ব্রিক্স ম্যানুফ্যাকচার (এসবিএম) ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় পাঁচ ট্রাক জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নুরালী মিয়ার হাটের পশ্চিমে শান্তিরহাট বাজারের পাশে অবস্থিত সিরাজ ব্রিক্স ম্যানুফ্যাকচার নামের ইটভাটায় দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করে ইট তৈরি করে আসছিল। অভিযান পরিচালনার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন অভিযানের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল ইটভাটা মালিকদের আইন মেনে ইট প্রস্তুতের জন্য অনুরোধও করেন।
