ভারত বিশ্বের মধ্যে অস্ত্র ক্রয়ে এখন সবচেয়ে বড় ক্রেতা হিসাবে পরিগণিত হচ্ছে। সুইডিশভিত্তিক একটি গবেষণা সংস্থা সোমবার তাদের এক প্রতিবেদনে বলেছে, গত পাঁচ বছরে ভারত বিদেশ থেকে অস্ত্র ক্রয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে যা এসব দেশের তুলনায় প্রায় তিনগুণ বেশি। —খবর ডন ডটকমের।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) নামে ওই গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, গত পাঁচ বছরে ভারতের বড় বড় অস্ত্র ক্রয় ২০০৪ থেকে ২০০৮ সালের তুলনায় ১১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিপরি জানায়, এ সময়ে বিশ্বে মোট অস্ত্র ক্রয় ৭ শতাংশ থেকে ১৪ শতাংশে বেড়েছে। ভারত ২০১০ সালে চীনকে ছাড়িয়ে বৃহত্তম অস্ত্রের ক্রেতা হিসাবে আসন করে নেয়। অভ্যন্তরীণ ক্ষেত্রেও দেশটি অনেক অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সক্ষমতা বিশেষ করে চীন ও পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে দেশটি অস্ত্রে নিজেদের সক্ষমতা গড়ে তুলছে। রাশিয়া হচ্ছে এই অস্ত্র সরবরাহকারী প্রধান দেশ।
