সৈয়দপুরের বিভিন্ন স্কুলে দপ্তরী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৬
আউট সোর্সিয়ের মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভবান হতে নানা দেনদরবার করছেন। ফলে নিয়োগ প্রক্রিয়া শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২য় দফায় ২০টি সরকারি প্রাথমিক স্কুলে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ৮টি শহরে এবং ১২টি গ্রামের স্কুল রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা মনোনীত সদস্য নিয়ে গঠিত নিয়োগ কমিটি প্রার্থী বাছাই করবে। কমিটির সুপারিশক্রমে নিয়োগ অনুমোদন দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অপরদিকে চাকরি প্রার্থীদের হতে হবে স্কুল অবস্থিত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এই নিয়োগ পেতে ইতিমধ্যে শতাধিক প্রার্থীর আবেদন জমা পড়েছেন। এদিকে নিয়োগকে ঘিরে শুরুতেই কারসাজির নানা অনিয়মের অভিযোগ উঠেছে।