‘মনের মতো’ পাত্রী পেলে বিয়ে করবেন রাহুল গান্ধী

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:৫১
মনের মত পাত্রী পেলে বিয়ে করতে প্রস্তুত আছেন ভারতের কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ একটা মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাহুল এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন। এর আগে যতবার বিয়ের প্রসঙ্গ এসেছে ততবারই মিষ্টি হেসে প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কিন্তু এবার বার্তা সংস্থা পিটিআইয়ের সাথে এক সাক্ষাত্কারে একেবারে সোজাসাপটা জবাব দিয়ে বললেন, মনের মত পাত্রী যদি পাই তখনই বিয়ে করে নেব। সাক্ষাত্কারে বিয়ের কথা ছাড়াও রাহুল বললেন তার শখের কথা। সিনেমা দেখার চেয়ে বই পড়তেই তিনি বেশী পছন্দ করেন বলে জানান। আফগানিস্তান, পাকিস্তান এবং চীন নিয়ে তিনি পড়তে বেশী পছন্দ করেন। বলিউডের চেয়ে হলিউডের সিনেমা বেশী দেখেন। তবে রাহুল এড়িয়ে গেলেন কোন নায়িকা তার বেশী পছন্দের। বললেন, বিশেষ কোনও নায়ক-নায়িকা নন। তার পছন্দ হল সিনেমায় ভাল কাজ দেখা। নির্বাচন প্রসঙ্গে বললেন, ২০০৯ এর থেকে বেশি আসন পাবে কংগ্রেস। এবারও কেন্দ্রে ইউপিএ জোট সরকার গড়বে বলে বিশ্বাস করেন তিনি। তবে কংগ্রেস কতগুলি আসন পেতে পারে তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।