ইউরোপীয় ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্টস কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের পরিদর্শন শেষে বন্ধ হওয়া মিরপুরের সফটটেক্স কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ জটিলতা নিরসনের লক্ষ্যে আজ মঙ্গলবার বৈঠকে বসছে মালিকপক্ষ। কারখানাটি হঠাত্ বন্ধ হওয়ায় শ্রমিকদের তিন মাসের অগ্রিম মজুরি ও অন্যান্য সুবিধাদি বাবদ খরচ অ্যাকর্ডে স্বাক্ষরকারী ব্র্যান্ডদের বহন করার দাবি জানিয়ে আসছে ওই কারখানার মালিকপক্ষ। অন্যদিকে অ্যাকর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকের পাওনা মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। দীর্ঘ মেয়াদে ওই কারখানা সংস্কারের ক্ষেত্রে অ্যাকর্ডের পক্ষ থেকে সহায়তা করা হবে। গত প্রায় দুই সপ্তাহ আগে কারখানাটি বন্ধ হলেও শ্রমিকরা তাদের চাকরিচ্যুতির সুবিধা এখনো পায়নি। এই পরিস্থিতিতে ওই এলাকায় শ্রম অসন্তোষের আশঙ্কা করা হচ্ছে। মিরপুর স্টেডিয়ামে চলমান টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলাকে সামনে রেখে বিশ্ববাসীর চোখ এখন ওই এলাকায়। এই পরিস্থিতিতে ওই এলাকায় ছোট-খাট কোন বিক্ষোভ বা অসন্তোষের ঘটনাও বিশ্বব্যাপী নেতিবাচক প্রচারণা পাবে বলে মনে করেন অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটির একমাত্র বাংলাদেশি সদস্য রায় রমেশ চন্দ্র।
