শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর -এর ‘ছোটকাকু’ সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘জয় হলো জয়দেবপুরে’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে। এবারের গল্পে দেখা যাবে, বাইরে প্রচণ্ড শব্দ করে একটা গাড়ি ব্রেক কষল। যে রাস্তায় গাড়িটি ব্রেক কষল তা ততটা বড় নয়। এই রাস্তায় সচরাচর এত জোরে কোনো গাড়ি ব্রেক কষে না। নীলরঙের গাড়ি মহল্লার বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে। এত জোরে শব্দ করে ব্রেক কষায় কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের জটলা তৈরি হয়ে গেল। গাড়ির সিটে যে লোকটি বসে রয়েছে সেই লোকটির একটা পা নেই। সিটের পাশে একটা স্ক্র্যাচ। খোঁড়া লোকটা কয়েকদিন ধরে এ পাড়ায় গাড়ি চালিয়ে কী করার চেষ্টা করছে? জয়দেবপুরের একটু কারখানা থেকে র্যালির জন্য বেশকিছু গাড়ি নেওয়া হয়েছে। এই গাড়িগুলোর যেকোনো একটির মধ্যে বোমা লাগানো আছে। ছোটকাকু খবর পেয়ে ছুটে গেলেন সেখানে।
