লিবিয়ায় বিদ্রোহীদের দখলকৃত বন্দর থেকে তেল পরিপূর্ণ একটি ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাইপ্রাসের দক্ষিণ-পূর্ব উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে গত রবিবার রাতে ট্যাংকারটি নিয়ন্ত্রণে নেয় তারা। যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।
স্বায়ত্তশাসন বাড়ানোর দাবিতে গত আগস্টে লিবিয়ার গুরুত্বপূর্ণ তিনটি বন্দর দখল করে বিদ্রোহীরা। এর মধ্যে পূর্বাঞ্চলীয় সিদরা বন্দর থেকে সমপ্রতি তেল রপ্তানির ঘোষণা দেয় তারা। সরকারের হুমকি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে ঐ বন্দর থেকে তেল নিয়ে উত্তর কোরিয়ার পতাকাবাহী একটি ট্যাংকার পালিয়ে যায়। লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জেইদান নৌবাহিনীকে ট্যাংকারটি পাহারায় রাখতে বলেছিলেন। সেই পাহারা ফাঁকি দিয়ে ট্যাঙ্কারটি পালিয়ে যায়। এ ঘটনার জন্য পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী আলী জেইদান। পরবর্তী সময়ে ট্যাংকারটি জব্দ করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে লিবিয়া ও সাইপ্রাস সরকার।
