মাছ ধরতেও কীটনাশক!

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:২৩
আপনি কি জানেন বাজারে যেসব মরা বা আধ মরা মাছ পাওয়া যায় সেটা কীভাবে ধরা হয়? আসলে জানার কথা নয়। পুকুর বা ঘের থেকে অবাঞ্ছিত মাছ যেমন পুঁটি, টাকি, কই, খলিসা প্রভৃতি মারতে রটেনন ৯% পাউডার ব্যবহারের অনুমোদন থাকলেও সেটা মানা হচ্ছে না। শুধু তাই নয় পুকুরের মাছ সব একসঙ্গে ধরতেও রটেনন ৯% পাউডারের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। যা সম্পূর্ণ পরিবেশবান্ধব (রটেনন পাউডার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় ফলে মাছ মারা যায়)। বরং অবাঞ্ছিত মাছ মারতে ও পুকুরের মাছ সব একসঙ্গে ধরতে ব্যবহূত হচ্ছে বিষাক্ত কীটনাশক ও গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড)। ডেনিটল ১০ ইসি (সাধারণ নাম ফেনপ্রোপাথ্রিন) মূলত চায়ের লাল মাকড় ও বেগুনের মাকড় দমনের জন্য অনুমোদিত এবং গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) গুদামজাতকৃত পণ্যের পোকা দমনে ফিউমিগেন্ট হিসেবে অনুমোদিত কিন্তু ডেনিটল ১০ ইসি ও গ্যাস ট্যাবলেটের সিংহভাগ ব্যবহূত হচ্ছে মাছ মারতে। ডেনিটল ১০ ইসি ও গ্যাস ট্যাবলেট পুকুরের পানিতে প্রয়োগ করা মাত্রই পানি এত বিষাক্ত হয় যে এই বিষাক্ত পানি পান করার সঙ্গে সঙ্গে মাছ মরে গিয়ে পানির ওপরে ভেসে ওঠে এবং তা জাল দিয়ে ধরে বাজারজাত করা হয়। মানুষ ও জলজ প্রাণীর ওপর ডেনিটল ১০ ইসি এবং অ্যালুমিনিয়াম ফসফাইড-এর ক্ষতিকর প্রভাব— ১) ডেনিটল ১০ ইসি স্প্রে করার ৭ দিনের মধ্যে খেতে প্রবেশ করা ও ফসল খাওয়া নিষেধ। ২) ডেনিটল ১০ ইসি মাছ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত এবং জলজ পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি প্রতিকূল অবস্থা সৃষ্টি করতে পারে। ৩) ডেনিটল ১০ ইসি স্তন্যপায়ী প্রাণী ও বন্যপ্রাণীর জন্য খুবই বিষাক্ত। ৪) অ্যালুমিনিয়াম ফসফাইড থেকে উত্পন্ন ফসফিন গ্যাসের প্রতিক্রিয়ার কারণে যকৃত্, বৃক্ক, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সংবহনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যু ঘটাতে পারে। ডেনিটল ১০ ইসি ও গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় মৃত এই মাছ স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ ও স্বাস্থ্যকর? মাছ মারতে কীটনাশকের এই অবৈধ ও বেআইনি প্রয়োগের কারণে জনগণের স্বাস্থ্য ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে। সাধারণত কীটনাশক প্রয়োগের ৭-১০ দিন পর শাকসবজি বা ফলমূল বাজারজাত করতে বলা হয়। ফসলে যে সমস্ত বালাইনাশক ব্যবহার করা হয় অধিকাংশই ভোজ্য অংশে প্রবেশ করতে পারে না। ফসলের পোকা-মাকড় দমনের জন্য নিবন্ধিত কীটনাশকের অন্যত্র ব্যবহার সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। পাবনা, নাটোর, রাজশাহী, মাগুরা, ফেনী ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় এসবের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে যা এখনই বন্ধ করা জরুরি। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, ডেনিটল ১০ ইসি ও গ্যাস ট্যাবলেটের আমদানি, বাজারজাতকরণ ও বেআইনি ব্যবহার নিষিদ্ধকরণের দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়, মত্স্য অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। পাবনা