সুজানগরে পদ্মার চরে টমেটো চাষ সচ্ছলতা পেয়েছেন শতাধিক কৃষক

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪১
এক সময়ের স্রোতস্বিনী ঐতিহ্যবাহী পদ্মা এখন নামেই পদ্মা। বর্ষার মৌসুমে পদ্মায় পানি থৈ থৈ করলেও বর্ষা শেষে পদ্মায় আর তেমন পানি চোখে পড়ে না। এ সময় পদ্মার বুকে জেগে উঠে শত শত মাইল ধু-ধু বালু চর। পাবনার সুজানগরের সাগরকান্দী ইউনিয়নে পদ্মার বুকে জেগে উঠা এমনই চরে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা পেয়েছেন শতাধিক কৃষক। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে সাগরকান্দী গ্রামের আদর্শ কৃষক আনছার আলী মণ্ডল পদ্মার চরে টমেটো চাষের প্রবর্তন করেন। গ্রীষ্মকালীন এ টমেটো চাষ বেশ লাভজনক হওয়ায় পর্যায়ক্রমে ওই এলাকার শতাধিক কৃষক পদ্মার চরে ব্যাপকভাবে টমেটো চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে সাগরকান্দীসহ আশপাশের প্রায় ৩৫শ’ বিঘা জমিতে মিন্টু সুপার, হাইটম-২, হিরো সুপার এবং বিজলি জাতের হাইব্রিড টমেটো চাষ করা হচ্ছে। আদর্শ কৃষক আনছার মণ্ডল জানান, টমেটো অত্যন্ত লাভজনক ফসল। তাছাড়া ফলনও হয় বেশ ভাল। উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান, আগে চরাঞ্চলের কৃষক চরকে বালু ভেবে ফেলে রেখেছে। কিন্তু বর্তমানে ওই এলাকার শতাধিক কৃষক সেই বিশাল চরাঞ্চলে টমেটো চাষ করে সংসারে সচ্ছলতা পেয়েছেন।