ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের সঙ্গে কাজ করবে এস্তোনিয়া

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৩৯

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  সম্প্রতি এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের সুইসটল তাল্লিন হোটেলে  ‘পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ে রাউন্ড টেবিল বৈঠক শেষে সাইড লাইনে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় -এর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী ‘ভিশন-২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি তুলে ধরে বলেন,‘তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিংসহ অনলাইনভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। সরকার ইন্টারনেট সংযোগসহ আধুনিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে কাজ করছে।’ তিনি  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে হাই-টেক পার্ক, ইনফো সরকার-৩ পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ চলমান কার্যক্রম নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় বলেন, ‘অল্প সময়ের মধ্যে বিভিন্ন খাতে বাংলাদেশ অনেক সফল। আগামী দিনগুলোতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।’ তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।