গণতন্ত্রকামীদের সঙ্গে জঙ্গিবাদীদের সংলাপ হতে পারে না :ইনু

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি-আওয়ামী লীগের সংলাপ প্রসঙ্গে বলেছেন, ইবলিশ আর ফেরেস্তাদের মধ্যে যেমন সংলাপ হতে পারে না, তেমনি গণতন্ত্রকামীদের সঙ্গে জঙ্গিবাদীদের কোন সংলাপ হতে পারে না। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা কার পক্ষ নেবেন, পাকিস্তানপন্থি জঙ্গিবাদীদের? নাকি বাংলাদেশপন্থি গণতন্ত্রকামীদের? গতকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে মোবাশ্বের আলী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু অসামপ্রদায়িক হওয়ার সেই সুযোগ, সেই ছায়াটা এই সরকারই দিচ্ছে। তিনি বলেন, রাজনীতিবিদ কখনো মোল্লা হতে পারে না। আবার মোল্লা কখনো রাজনীতিবিদ হতে পারে না। তা করতে গেলে তা হবে ভণ্ডামি। জঙ্গিবাদীরা আবার যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে এমন আশংকা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ, ভাষা সৈনিক শাসমুল হুদা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আব্দুল মান্নান চৌধুরী এবং অর্থনীতিবিদ ও গীতিকার শোয়াইব আহমেদের হাতে স্বর্ণপদক তুলে দেয়া হয়।