এক দিন আগেও ক্ষমতা ছাড়বে না আওয়ামী লীগ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:৫১
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, কেয়ামতের আগে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। সাংবিধানিক ভাবেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে, এক দিন আগেও ক্ষমতা ছাড়বে না আওয়ামী লীগ। গত সোমবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষালকান্দি মাঠে ঘোষালকান্দি, টুঠামান্দ্রা ও বাড়ৈকান্দি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গোপালগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির জিএম প্রকৌশলী মো. হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক ও গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু বক্তব্য রাখেন। ‘হেফাজত ধর্মের দোহাই দিয়ে উন্মাদনা সৃষ্টি করছে’ এদিকে গতকাল মঙ্গলবার অপর এক অনুষ্ঠানে শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নারী শিক্ষা কার্যক্রম পিছিয়ে দিতে হেফাজত ধর্মের দোহাই দিয়ে উন্মাদনা সৃষ্টি করছে। স্কুল-কলেজে না গিয়ে নারীদের ঘরে থাকতে বলেছে। তারা নারী শিক্ষায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়। দেশের পিছিয়ে পড়া নারীদের মধ্যে শিক্ষা প্রসারের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে মহিয়সী শিক্ষিকা শামীমা পারভীন বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, শামীমা পারভীন ফাউন্ডেশনের পৃষ্টপোষক মেজবাহ উদ্দিন আহসান, গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার হাসি, আওয়ামী লীগ নেতা বিএম হাসান কবির সানু ও জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। পরে প্রধান অতিথি কৃতী নয় ছাত্রীর হাতে ১৮ হাজার টাকার বৃত্তি তুলে দেন। দুপুরে শেখ ফজলুল করিম সেলিম কাশিয়ানী উপজেলার তিলছাড়ায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।