ডুমুরিয়া কলেজে এক সপ্তাহ আগেই ১৩ জনের পরীক্ষা গ্রহণ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২৩:২৮
পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলেও ডুমুরিয়া মহাবিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ১৩ জন শিক্ষার্থী আগের তারিখে পরীক্ষা দিয়েছেন। উপজেলা নির্বাচনের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোর পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান কর্তৃক গত ৯ মার্চ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলা নির্বাচনের জন্য ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়। পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৫ মার্চের মনোবিজ্ঞান/ক্রীড়া বিজ্ঞানের পরীক্ষা ২১ মার্চ, ২৩ মার্চের অর্থনীতি/প্রাণী ২য় পত্রের পরীক্ষা ২৮ মার্চ ও ৩১ মার্চ পরিসংখ্যান ২য় পত্রের পরীক্ষা ৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ডুমুরিয়া মহাবিদ্যালয়ের মনোবিজ্ঞানের ১৩ পরীক্ষার্থী আগের তারিখ অর্থাত্ ১৫ মার্চ পরীক্ষা দিয়েছেন। এ ব্যাপারে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম হায়দার বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের দেয়া বিজ্ঞপ্তি আমি পাইনি। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আমি পরীক্ষা নিয়েছি। তবে পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে টেলিফোনে কথা বলে আমি ক্ষমা চেয়ে একটি ফ্যাক্স বার্তা পাঠিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দৌজা জানান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কর্তৃক সময় ও তারিখ পরিবর্তনের একটি ফ্যাক্সবার্তা পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদকে জানানো হয়েছিল। তবে কলেজ অধ্যক্ষ কিভাবে পরীক্ষা নিয়েছেন তা আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ কিছু জানেন না বলে জানিয়েছেন। খুলনা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা জানান, যথাসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। তবে এটি পাবলিক পরীক্ষা। অধ্যক্ষ মহোদয় উপজেলা নির্বাহী অফিসারকে না জানিয়ে কিভাবে প্রশ্নপত্র থানা থেকে নিয়ে পরীক্ষা নিয়েছেন সেটি আইনের ব্যাপার।