লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে বাবর হোসেন (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নিহত বাবর পার্বতীনগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে ও পার্বতীনগর ইউপি চেয়ারম্যান মো. ওহিদুর রহমানের ভাতিজা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টায় নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ইউপি চেয়ারম্যান মো. ওহিদুর রহমান হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, তার ভাইয়ের ছেলে বাবর স্থানীয় যুবদলের কর্মী।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মো. বাবর হোসেন লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল যোগে মিরিকপুর যাওয়ার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে পিছন থেকে গুলি করে দক্ষিণ মরকন্দজ গ্রামের রিয়াজ উদ্দিন পাটওয়ারী বাড়ির নতুন মসজিদের সামনে ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক মো. জিল্লুর জানান, পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটতে পারে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বসুরহাট পৌর যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতাঃ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ৩নং ওয়ার্ড পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন সুজনকে (২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত সোমবার রাত ৯টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের জিয়ানগর থেকে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫ মামলার আসামি আজগর হোসেন সুজনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় গাড়ি ভাংচুর, রাস্তার গাছ কাটা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান সাজিদ জানান, সে এলাকার মোস্ট ওয়ান্টেড আসামি।
