তিস্তা সেচ ক্যানেলে পানির দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় কৃষকরা গতকাল মঙ্গলবার আবারো খলেয়া গঞ্জিপুর এলাকায় সড়ক অবরোধ করে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, রংপুর-ডালিয়া মহাসড়কে সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ চলার সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে অবরোধকারী কৃষকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন কৃষক আহত হন।
জানা যায়, গত কয়েক বছর ধরে তিস্তা সেচ ক্যানেল থেকে পানি নিয়ে উপজেলার বেতগাড়ী ও খলেয়া ইউনিয়নের কৃষকরা বোরো আবাদ করে আসছিল। কিন্তু এ বছর পানির প্রবাহ কম হওয়ায় কৃষকদের মাঝে হাহাকার পড়েগেছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নারায়ণ চন্দ্র জানিয়েছেন, রংপুর ক্যানেলের আওতায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে বোরো লাগানো হয়েছে। তিস্তা ক্যানেলে ১২শ’ কিউসেক পানি সরবরাহের প্রয়োজন থাকলেও বর্তমানে সাড়ে ৪শ’ কিউসেক পানি সরবরাহ পাওয়া যাচ্ছে। কিন্তু যে পানি পাওয়া যাচ্ছে তা আবার ক্যানেলের উজানে নীলফামারীর কৃষকরা আটকে দিয়েছে। এ কারণে রংপুরের কৃষকরা পানি পাচ্ছে না। উল্লেখ্য, গত ১৩ মার্চ তিস্তা সেচ ক্যানেলে পানির দাবিতে এক দফা সড়ক অবরোধ করছিল গঙ্গাচড়ার কৃষকরা।
