জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী গতকাল মঙ্গলবার বাসাইল উপজেলার করাতিপাড়া, নালি, পাঠখাগোড়ী, সদরসহ প্রায় ২০টি পথসভায় এবং বিভিন্ন বাজারে মানুষের সঙ্গে সরাসরি গণসংযোগ করেন। তিনি বলেন, ইতিপূর্বে যারা এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা কেউ এলাকার তেমন কোন উন্নয়ন করতে পারেননি। যদি আপনারা আমাকে সাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন তবে এলাকার উন্নয়নে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি প্রতিটি রাস্তাঘাট পাকা করারও প্রতিশ্রুতি দেন।
সাদেক সিদ্দিকী বলেন, বর্তমান মহাজোট সরকারের উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে হয়, তবে আমাকে নির্বাচিত করুন। নির্বাচনে কারচুপির বক্তব্য নাকচ করে দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার একটি এলাকার নির্বাচনে কারচুপি করে কখনো নিজেদের সর্বনাশ করবে না। তিনি দারিদ্র্য বিমোচন, নিরক্ষরমুক্ত সমাজ গড়ার জন্য অভিজ্ঞ ব্যক্তিকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণার সময় তার সঙ্গে আইয়ুব আলী পাঠান, আতাউর রহমান চাকলাদার, ভান্ডা চাকলাদার, শরিফুল ইসলাম খান, আহম্মদ আলী খান, শামীমা আক্তার বিথি, আঁখি মনি প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
