নগরীর নবগ্রাম রোড সংস্কারের দাবিতে গত মঙ্গলবার সড়ক কেটে অভিনব প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে এলাকার বাসিন্দারা। বিক্ষোভ মিছিল থেকে কয়েটি রিকশা ও অটো রিকশা ভাংচুর করা হয়। এদিন কয়েক হাজার এলাকাবাসী ঐ এলাকার সড়ক সংস্কারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারা খুন্তি, কোদাল ও দা নিয়ে সড়ক কেটে অভিনব প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সেখানে জড়ো হওয়া এলাকাবাসী মিছিল করে কয়েকটি রিকশা ও অটো রিকশা ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলে সড়ক সংস্কারে উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন। সড়ক সংস্কারের জন্য ইতিপূর্বে মেয়র আহসান হাবিব কামালের কাছে দাবি জানানো হয়েছিল। সিটি কর্পোরেশন কোন উদ্যোগ না নেয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, প্রয়োজনে এ দাবিতে নগর ভবন ঘেরাও করা হবে।
এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, ওই সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার পর ঠিকাদার তার ব্যক্তিগত অসুবিধার কারণে বন্ধ রেখেছেন। এখন নতুন দরপত্র আহবান বা পুরনো ঠিকাদারকে দিয়েই দ্রুত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।
