আগামী ২৩ মার্চ শাহ্রাস্তি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জানা যায়, এবার শাহ্রাস্তিতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও টামটা ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির মজুমদার (কাপ-পিরিচ), উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী (আনারস) এবং ১৯ দলের বিদ্রোহী প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ জিলান মিয়া। তবে হুমায়ুন বনাম দেলোয়ার মিয়াজীর জমজমাট লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
অপরদিকে ভাইস্ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী শাহ্রাস্তি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ রেজাউল করিম মিন্টু (চশমা), প্রতীক নিয়ে জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার বিপরীতে বিএনপিতে চলছে গৃহবিবাদ। বিএনপি’র বর্তমান ভাইস্ চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ আলী (মাইক), পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি শেখ মোঃ বেলায়েত হোসেন সেলিম (বৈদ্যুতিক বাল্ব), শাহ্রাস্তি পৌর যুবদলের সভাপতি মোঃ এহতেশামুল গনি (উড়োজাহাজ), শাহ্রাস্তি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসাইন (তালা) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে বিএনপি সমর্থিত নেতাকর্মী ও ভোটাররা চিন্তিত হয়ে পড়ছেন। এ ছাড়াও মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুন নাহার (হাঁস), বিএনপি’র হাসিনা আক্তার (প্রজাপতি) এবং শাহনাজ আক্তার (রোজী) কলস প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
