সোনারগাঁ এলাকাধীন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাধা দিতে গিয়ে গতকাল মঙ্গলবার বালু সন্ত্রাসীদের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে মোশারফ (২৩) নামের এক যুবকসহ ৫ জন আহত হয়েছে। সোনারগাঁও উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকার গুচ্ছ গ্রামের পাশ ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করছিল মেঘনা থানা এলাকার কয়েকটি ড্রেজার।
এসময় গুচ্ছ গ্রাম, চুয়াডাঙ্গা, রঘুনারচরসহ কয়েকটি গ্রামের লোকজন ড্রেজারের শ্রমিকদের বালু উত্তোলন করতে নিষেধ করে। এদিকে ড্রেজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের কয়েকজন সন্ত্রাসী ড্রেজারে রাখা দেশীয় অস্ত্র টেঁটা, বল্লব ও লাঠি নিয়ে নিরস্ত্র গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীদের হামলায় মোশারফের বুকে টেঁটাবিদ্ধ হলে মারাত্মক আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এসময় আলাল, শফিউর রহমান ও খায়রুলসহ ৫ জন আহত হয়। এলাকাবাসী মা-বাবার দোয়া নামের একটি ড্রেজার আটক রেখেছে। খবর পেয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহম্মেদ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটককৃত ড্রেজার থেকে মজিবর (৪০) ও হেলাল (২৫) নামের দুই ড্রেজার শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
