বাণিজ্য বৃদ্ধিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:৪৬
চারদিনের সফরে গতকাল বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। সফরকালে তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে ভারতের মন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনা করবেন। গতকাল প্রথম দিন তিনি ভারতের বাণিজ্য সচিব রাজীব খের ও পানি সম্পদ সচিব অলক রাওয়াতের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়। বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠকের পর শহীদুল হক সাংবাদিকদের বলেন, বাণিজ্য বৃদ্ধিতে ভারত ইতিবাচক আগ্রহ দেখিয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে খাতভিত্তিক টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। পণ্যের মানোন্নয়ন ও সীমান্ত হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ও আলোচনায় উঠে এসেছে। চট্টগ্রাম ও কলকাতার মধ্যে সমুদ্রপথে বাণিজ্যের কথা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, এটা কৌশলগত আলোচনা ছিলো এবং ভারতের আসন্ন নির্বাচন এক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। শহীদুল হক ও পানিসম্পদ সচিব রাওয়াতের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে আলোচনা হয়। বর্তমানে তিস্তায় পানি স্বল্পতার বিষয়টিও আলোচনায় উত্থাপন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া পানি ব্যবস্থাপনা নিয়েও দুই সচিবের মধ্যে আলোচনা হয়। বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক করিম উপস্থিত ছিলেন। আজ ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামীকাল শুক্রবার তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের সঙ্গে বৈঠক করবেন।