দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে হংকং। তবে দেশে ফেরার আগে একটা চমক দেখাতে চান হংকংয়ের অধিনায়ক জেমি এটকিনসন। আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চান তিনি। কিন্তু মুশকিল হলো, এই জয়ের পথে বাধা দুরন্ত গতিতে ছুটতে থাকা স্বাগতিক বাংলাদেশ। হংকংয়ের এই স্বপ্ন ধূলিসাত্ করে দিয়ে শেষ ম্যাচেও জয় তুলে সুপার টেনে চলে যেতে চায় আজ বাংলাদেশ।
আর এই পরস্পরবিরোধী চাওয়া নিয়েই আজ সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং।
হংকংয়ের প্রত্যাশা আদৌ সফলতার মুখ দেখবে নাকি এটি স্রেফ দিবাস্বপ্ন, তা নিয়ে বিতর্ক করা যেতেই পারে। তবে দলটির পরিশ্রম ও আন্তরিকতা নিয়ে সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ২/৩ মাস কঠোর পরিশ্রম আর অনুশীলন করে নিজেদের তৈরি করেছেন এটকিনসনরা। বিশ্বকাপ শুরুর আগে দুইটি অনুশীলন ম্যাচ জিতে রীতিমত হাওয়ায় ভাসছিল হংকংরা। তবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই টানা পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে তারা।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে হারানো আত্মবিশ্বাস অনেকটাই পুনরুদ্ধার করেছে টাইগাররা।
শক্তির বিচারে টাইগারদের চেয়ে অনেক পিছিয়ে হংকং। দুর্বল হংকংকে হারানো নিয়ে কোনো সন্দেহ নেই কারো। সহজে জিতে সুপার টেনে পৌঁছে যাবে মুশফিক-সাকিব-তামিমরা— এমনটাই প্রত্যাশা সবার।
তবে ক্রিকেটাররা বলছেন, তারা হংকংকে হালকাভাবে নিচ্ছেন না।
মঙ্গলবার নেপালের বিপক্ষে ম্যাচের মতো আজকের ম্যাচেও শিশির বড় ফ্যাক্টর হতে পারে। তবে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল বলে টাইগাররা এ নিয়ে তেমন উদ্বিগ্ন নন। শিশিরের কারণে আজও তিন পেসার নিয়ে মাঠে নামবে।
পরীক্ষা-নিরীক্ষার জন্য না হলেও বাংলাদেশ গোটা দুই পরিবর্তন আজ দলে আনতে পারে। একটু করে চোটের সমস্যা থাকায় আজ বিশ্রাম পেতে পারেন তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। সে জায়গায় সামসুর রহমান শুভ ও রুবেল হোসেন ম্যাচ খেলতে পারেন আজ।
