গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী কবি সুকান্ত মেলা। কবির ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছেন। উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় গ্রামীণ এ মেলা অনুষ্ঠিত হবে। এই মেলাকে ঘিরে উপজেলাব্যাপী বইছে উত্সবের আমেজ। উপজেলা প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী কবির বাড়িটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে। সুকান্ত সেবা সংঘের পরিচালক এডভোকেট দেলোয়ার হোসেন সরদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য আন্দোলন করে আসছি। এ বছর উপজেলা প্রশাসনের উদ্যোগে কবির পৈতৃক ভিটায় দ্বিতীয়বারের মতো মেলা হচ্ছে। আমাদের আন্দোলন কিছুটা হলেও সার্থক হয়েছে।
