ভৈরবে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:১৯
ভৈরবে নির্বাচনীয় পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার রাস্তা-ঘাট শহরের অলি-গলি। তফসিল অনুসারে আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে এ উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণা, গণ-সংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ক্লান্তিহীন ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী আমেজ এখন উপজেলার সর্বত্রই। এবার হবে আ’লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত দুই নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আ’লীগ সর্মথিত প্রার্থী আলহাজ্ব ড. মোশতাক আহম্মেদ বুলবুল (আনার), বিএনপি সমর্থিত একক প্রার্থী পৌর প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. গিয়াসউদ্দিন (মটর সাইকেল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে দু’দলে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ কায়সারকে (টিয়া পাখি) আ’লীগ সমর্থন দিলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা মো. আতাউর রহমান আঙ্গুর (চশমা), মো. সিরাজ মিয়া (চাপকল) ও তৌহিদ মিয়া (মাইক) প্রতীক নিয়ে লড়ছেন। বিএনপির প্রার্থী হিসেবে আল মামুন (তালা) প্রতীক নিয়ে গণ-সংযোগ করলেও মো. হেদায়েতউল্লাহ (উড়োজাহাজ) প্রতীকে লড়ছেন নির্বাচনীয় মাঠে।