বাঁশখালীতে চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২০
বাঁশখালী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২১ প্রার্থীর ব্যাপক প্রচারণায় এলাকা সরগরম হয়ে উঠেছে। এক সময়ের বিএনপি’র দুর্গ হিসেবে খ্যাত বাঁশখালীতে এবার নির্বাচনী হাওয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-জামায়াত-বিএনপি’র ত্রিমুখী নির্বাচনী লড়াইয়ের আভাস লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি-জামায়াতের আলাদা আলাদা প্রার্থী হওয়ায় এবং আওয়ামী লীগের একক প্রার্থী ব্যক্তি ইমেজ ও তাবলীগ জামায়াতের সক্রিয় সদস্য হওয়ায় ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার প্রার্থীদের বিজয় অনেকটা ভাগ্যের উপরই নির্ভর করবে। নানা কৌশল, বড় দুই দলের কোন্দল, ব্যক্তি ইমেজ এবং আঞ্চলিকতার কারণে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের একক প্রার্থীদের কাউকে ছোট করে দেখছেন না সাধারণ ভোটাররা। এলাকার হাট-বাজার, অফিস-আদালত, গ্রামগঞ্জ নির্ঘুম চষে বেড়াচ্ছে প্রার্থীরা। সর্বত্র মাইকিং, পোস্টারিং ও ব্যানার টাঙিয়ে এলাকা নির্বাচনী সাজে সেজেছে। নির্বাচনী বিধি লঙ্ঘন করে অধিকাংশ প্রার্থী ৭/৮টির অধিক মাইক ব্যবহার করছে। বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ২১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী আগামী ২৩ মার্চ নির্বাচনে জয়ের জন্য লড়াই করে যাচ্ছেন। বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার ৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম (দোয়াত-কলম)। অপরদিকে আওয়ামী লীগের একাংশের ব্যানারে এড. আ. ন. ম শাহাদাত আলম (মোটরসাইকেল), এদিকে উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্তমান বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী (কাপ-পিরিচ) নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি লিয়াকত আলী (চিংড়ি মাছ) নির্বাচন করছেন। উপজেলা জামায়াতের আমির ও শেখেরখীল ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী মুজিবুল হক চৌধুরী (চশমা), বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন (টিউবওয়েল), কাজিম মোস্তফা চৌধুরী কাঞ্চন (মাইক), মো. সোলাইমান (টিয়া পাখি), ছাত্রদল নেতা লায়ন নাছির উদ্দিন (তালা), বিএনপি নেতা মো. হোসাইন (বই), জামায়াত নেতা বদরুল হক (উড়োজাহাজ), মুনমুন দত্ত মুন্না (জাহাজ), শফকত হোসাইন (বৈদ্যুতিক বাল্ব)। ভাইস চেয়ারম্যান মহিলা পদে আওয়ামী লীগের একক প্রার্থী রেহানা আক্তার কাজমী (হাঁস), বর্তমান ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার (প্রজাপতি), বিএনপি নেত্রী হালিমা আক্তার মনি (ফুটবল), দিলরুবা বেগম সুমি (সেলাই মেশিন), আঙ্গুর জাহান (পদ্মফুল), সাফিয়া বেগম (বৈদ্যুতিক পাখা), মোছাম্মদ ফাহমিদা বিনতে আজিজ (কলস)।