‘৯/১১ হামলার পর বিশ্বে বার্তা পৌঁছাতে চেয়েছিলেন লাদেন’

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২১
ওসামা বিন লাদেনের জামাতা ও আল-কায়েদার মুখপাত্র সুলাইমান আবু ঘাইথ বলেছেন, ৯/১১ হামলার পর লাদেন তার কাছে চেয়েছিলেন বিশ্বের কাছে যেন তাদের বার্তা পৌঁছে দেয়া হয়। বুধবার নিউইয়র্কে তার বিরুদ্ধে আনা সন্ত্রাসের মামলার যুক্তিতর্কের শুনানিকালে তিনি এ কথা বলেন। আদালতে সুলাইমান আবু ঘাইথ (৪৮) তার আত্মপক্ষ সমর্থন করে বলেন, তার বিরুদ্ধে আনা মার্কিনীদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সঠিক নয়। তার আইনজীবী বলেন, ৯/১১-এর হামলার বিষয়ে তার আগাম কোন ধারণা ছিল না। মার্কিন বেসামরিক আদালতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিচারের মামলাটি বর্তমানে একটা বড় ধরনের ঘটনা। ওইদিন সুলায়মান আদালতে বলেন, ২০০১ সালের জুন মাসে তিনি আফগানিস্তানে আসেন। কারণ নতুন ইসলামিক সরকার সম্পর্কে জানার তার অনেক আগ্রহ ছিল। সে সময়ে আফগানিস্তান তালেবান ইসলামি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে ছিল। দোভাষীর মাধ্যমে সুলাইমান আরও বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর রাতে বিন লাদেন বাহকের মাধ্যমে তাকে বলেছিলেন পর্বতবেষ্টিত আফগানিস্তানে এক সভা করার জন্য। পরবর্তী সময়ে যখন তারা একত্রিত হন তখন লাদেন সুলাইমানকে বলেছিলেন , যে ঘটনা ঘটেছে তা থেকে তুমি কি শিখেছ? আমরা হচ্ছি সেই শক্তি যারা এক হয়ে অনেক কিছুই করতে পারি।