ক্রিমিয়া সংকটের গ্রহণযোগ্য সমাধান না করলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ধারাবাহিক অবরোধ আরোপ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানি। ইইউ সম্মেলনের আগে ব্রাসেলসে গতকাল একথা বলেন জার্মান চ্যাঞ্চেলর আঞ্জেলা মার্কেল। তিনি আরো বলেছেন, ক্রিমিয়া নিয়ে রাশিয়ার বিতর্কিত ভূমিকার কারণে জি ৮ আর আগের মতো কার্যকর নেই। মার্কেল বলেন, আমরা প্রস্তুত আছি। ক্রিমিয়ার পরিস্থিতি অবনতির পেছনে রাশিয়া যদি আরো উসকানি দেয় তবে ইইউ’র কঠোর অবরোধের মুখোমুখি হবে। মস্কোর উপর অবরোধ আরোপের ফলাফলের সবদিক ইইউ নেতারা পর্যালোচনা করে দেখেছেন বলে তিনি উল্লেখ করেন।
গত রবিবার একটি গণভোটে মাধ্যমে রাশিয়ার সাথে যুক্ত হবার পক্ষে ভোট দিয়েছে ক্রিমিয়ায় জনগণ। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব এই গণভোট প্রত্যাখ্যান করে কঠোর নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া, ইউক্রেন ও ক্রিমিয়ার বেশ কয়েকজন কর্মকর্তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করেছে। কিন্তু তারপরেও ক্রিমিয়াকে নিজেদের সাথে যুক্ত করার জন্য একটি বিলে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিলের উপর বৃহস্পতিবার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটি হয়। আজ শুক্রবার উচ্চকক্ষে ভোটগ্রহণ হবে।
