লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নূর হোসেন (২৯) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। নিহত নূর হোসেন করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের নূর হোসেনকে বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে ঘর থেকে কে বা কারা ডেকে আনে। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ ও চিত্কার শুনে বাড়ির লোকজন ছুটে এসে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখে নূর হোসেনকে। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীরা নূর হোসেন হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ করে।
করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজিব বলেন, আমাকে ও নূর হোসেনকে গত দু’মাস থেকে একটি মহল মোবাইল ফোনে বার বার হত্যার হুমকি দিয়ে আসছিল। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
