জেলা আওয়ামী লীগ কার্যালয় পোড়ানোর মামলায় জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধানসহ ছাত্রদল ও যুবদলের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং মুক্তির দাবিতে জেলায় ছাত্র ও যুবদলের ডাকে গতকাল বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন হয়েছে।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় গত ১০ ডিসেম্বর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান বাদী হয়ে ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধানসহ ছাত্রদল ও যুবদলের ১৫ নেতাকর্মীকে আসামি করে জয়পুরহাট থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে গত বুধবার হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ ঘটনার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে জেলা ছাত্র ও যুবদলের পক্ষ থেকে গতকাল এ হরতাল পালন করা হয়। জেলা পুলিশ সুপার হামিদুল আলম বলেন, হরতাল চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
