যথাযোগ্য মর্যাদায় জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:৩৯
বিনম্র শ্রদ্ধায় স্মরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ যথাযোগ্য মর্যাদায় গতকাল বৃহস্পতিবার পালিত হলো বর্ষীয়ান রাজনীতিক, ভাষা সৈনিক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী। সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের পরিবার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ আছর গুলশানের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাজমুল হাসান পাপন এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দুপুরে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জিল্লুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দমনের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। বিকালে বঙ্গভবনে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বাদ আছর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।