সেরাদের সেরা যারা

হাসির রাজা বিন

আপডেট : ২১ মার্চ ২০১৪, ১৯:১৪
আপন মনে নিজের খেয়াল খুশিমতো কাণ্ডকারখানা করে যাচ্ছেন একজন ভদ্রলোক, যার কাণ্ড দেখে টিভির সামনের ভদ্রমানুষগুলোর হাসির লাগাম ছুটে যায়। চিনতে পারছেন কার কথা বলছি? রোয়ান অ্যাটকিনসন ওরফে সবার অতি পরিচিত মিস্টার বিন। তার পুরো নাম রোয়ান সেবাস্তিয়ান অ্যাটকিনসন। বিশ্বখ্যাত এই কমেডি অভিনেতা অ্যাটকিনসন ৬ জানুয়ারি, ১৯৫৫ সালে ইংল্যান্ডের, ডুরহাম বিভাগের, কনসেটে জন্ম গ্রহণ করেন। তার পিতা এরিক অ্যাটকিনসন ছিলেন একজন কৃষক এবং কোম্পানি পরিচালক এবং তার মাতার নাম এল্লা মে। ১৯৭৯ সালে শুরু হওয়া ‘নট দ্য নাইন ও’ক্লক’ দিয়ে প্রথম আলোচনায় আসেন রোয়ান এটকিনসন। তার করা টিভি শো ‘ব্ল্যাকেডার’ ব্যাপক আলোচিত হয়েছে। তবে তিনি স্বরণীয় হয়ে থাকবেন ‘মিস্টার বিন’র জন্যই। ২০০৫ সালে সেরা ৫০ জন ব্রিটিশ কমেডিয়ানের একজন নির্বাচিত হন ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক এই তারকা। টিভি শোতে কাজ করার পাশাপাশি রেডিও, থিয়েটারেও কাজ করেছেন রোয়ান এটকিনসন। ‘মিস্টার বিন’, ‘মিস্টার বিন হলিডে’, ‘জনি ইংলিশ’সহ কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রেও। রোয়ান এটকিনসন অভিনীত সর্বশেষ ছবি ‘জনি ইংলিশ রিবর্ন’। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে অভিনয়ের পাশাপাশি নির্বাহি প্রযোজনারও দায়িত্বও পালন করেছেন বিন। শুধুমাত্র টিভি শো নয়, তিনি কাজ করেছেন অনেকগুলো চলচ্চিত্রেও। ‘স্কোবি-ডু’, ‘কিপিং মাম’, ‘জনি ইংলিশ’, ‘মিস্টার বিন’স হলিডে’ এবং আরও অনেকগুলো। ২০১২ সালের নভেম্বরে ঘোষণা দেন ‘মিস্টার বিন’ চরিত্রে আর অভিনয় করবেন না তিনি। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে বিন বলেন, তার শারীরিক সক্ষমতা ধীরে ধীরে লোপ পাচ্ছে। তা ছাড়া ৫০ বছর বয়সে শিশুসুলভ অভিনয় ভালো দেখায় না। দ্য অবজারভার তাকে সেরা ৫০ কমেডি অভিনেতার মধ্যে তালিকাভুক্ত করেছে। ২০০৫ সালে ভোটের মাধ্যমে সেরা ৫০ জনের একজন বলে নির্বাচিত করা হয়। মানব কল্যাণ ও অভিনয় শিল্পে অবদানের জন্য ২০১৩ সালে ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ খেতাবে ভূষিত করা হয় রোয়ান অ্যাটকিনসনকে।