দুদকের মামলায় নাগেশ্বরী পৌর মেয়র কারাগারে

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৭

কুড়িগ্রাম প্রতিনিধি

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নাগেশ্বরী পৌরসভার মেয়র আব্দুর রহমান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে ভারপ্রাপ্ত জেলা জজ আশিকুল খবির তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাগেশ্বরী পৌর মেয়র আব্দুর রহমান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যাহ জানান, প্রাথমিক তদন্তে নাগেশ্বরী পৌর মেয়রের বিরুদ্ধে ১৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। এরই  প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।