বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে
বিশেষ কার্যক্রম ‘মুক্তির অভিযাত্রা’
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃত্তান্ত ’৭১ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ‘মুক্তির অভিযাত্রা’ শীর্ষক এক বিশেষ কার্যক্রম। সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রবন্ধ লেখা আহ্বান করা হয়েছে। প্রবন্ধের বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আমার ভাবনা’। পরিপূর্ণভাবে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়তে হলে কী হবে আমাদের চিন্তা-চেতনা-মূল্যবোধ; কেমন হতে হবে আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, নাগরিক দায়িত্ব; কীভাবে গড়ব আমরা একটি আধুনিক শোষণমুক্ত দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ তা প্রবন্ধ আকারে লিখে আমাদের কাছে পাঠাতে হবে। নির্বাচিত প্রবন্ধ লেখকদের পুরস্কার প্রদান করা হবে এবং তাদের লেখা নিয়ে প্রকাশ করা হবে সুদৃশ্য চাররঙা প্রকাশনা। বৃত্তান্ত ’৭১ আয়োজিত ‘মুক্তির অভিযাত্রা’ শীর্ষক এ বিশেষ কার্যক্রমে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে—ক বিভাগ :নবম ও দশম, খ বিভাগ :উচ্চ মাধ্যমিক ও সমমান, গ বিভাগ :স্নাতক ও স্নাতকোত্তর। সকল বিভাগ থেকে সেরা দশজন প্রবন্ধ লেখকের জন্য পুরস্কার হিসেবে থাকছে দশটি ল্যাপটপ এবং ৭১টি বিশেষ পুরস্কার। এ ছাড়াও বাছাইকৃত ৭১টি প্রবন্ধ নিয়ে প্রকাশ করা হবে একটি চাররঙা সুদৃশ্য বই এবং রয়েছে আরও বিশেষ পুরস্কার। প্রবন্ধ লেখার নিয়মাবলি :৫০০ শব্দের মধ্যে হাতে লেখা বা কম্পোজ করে পাঠাতে হবে বৃত্তান্ত ’৭১ কার্যালয়ে অথবা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাখা বৃত্তান্ত ’৭১-এর ডাক বাক্সে ফেলতে হবে। ই-মেইল করে প্রবন্ধ পাঠাতে চাইলে পাঠাতে হবে—[email protected] প্রবন্ধ পাঠানোর সময় অবশ্যই লেখকের নাম, শ্রেণী, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানাসহ ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। প্রবন্ধ পাঠানোর ঠিকানা :বৃত্তান্ত ’৭১ কার্যালয়, ৩৩/১ (নতুন) শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, ১২৮/১ (পুরাতন) নিউ সার্কুলার রোড, ২য় তলা, ঢাকা-১২১৭। সার্বিক যোগাযোগ :০২৯৩৪৬৪৩, ০১৯৭৭১৯৫২৭১। চিঠি পাঠাতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে।
সোস্যাল বিজনেস একাডেমিক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোস্যাল বিজনেস একাডেমিক সেল আয়োজিত ‘ইন্টাপ্রেনারশিপ অ্যান্ড সোস্যাল বিজনেস ডেভেলপমেন্ট ইন মালয়েশিয়া’ শীর্ষক সেমিনার ৬৬, গ্রিনরোড ক্যাম্পাসে ড. এমআই পাটোয়ারী অডিটোরিয়ামে গত ১৫ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ক্যাবংসান ইউনিভার্সিটির খ্যাতনামা শিক্ষাবিদ ড. আইনি আনাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন একই ইউনিভার্সিটির অধ্যাপক ড. নোরিজান হাজী আব্দুল রাজ্জাক, ড. শামসুবারিদাহ্ রামলী এবং ড. সৈয়দ শাহ আলম। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারীর সভাপতিত্বে সেমিনারে আরও আলোচনা করেন এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নূরুল মোমেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আব্দুল কুদ্দুস, অধ্যাপক সেলিম ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন ইসরাফিল আলম এমপি।
