শুক্রবার দুপুরে গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর ছেলেসহ ১২ নেতাকর্মী আহত হয়েছে। রবিবার এই উপজেলায় ভোট গ্রহণ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সহিংসতার আশঙ্কা করছে ভোটাররা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গজারিয়া সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। বিদ্রোহী প্রার্থীর লোকজন আকস্মিক আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের ভেতর চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাংচুর হয়। গুরুতর আহত চেয়ারম্যান প্রার্থী আমিরুলের ছেলে মুহাম্মদ ইসলাম জয় (২২), মো. স্বপন (২৫), শাহীন মিয়া (২৭), অহিদ ইসলাম (৩০), মো. সুমন (২৭), কালাম দর্জি (৪৫), মো. রায়হান (২২), মো. মিন্টু (১৮), ফারুক হোসেন (২৭) ও মো: আরমানকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গজারিয়া থানার ওসি মামুন-অর-রশিদ জানান, ৫/৭ জন আহত হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।
