জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে রিপন (২২) নামে এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বোদা থানা পুলিশ। তবে কে এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা জায়নি। রিপন বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকারপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহিরুল ও আলামিন নামে দুই যুবককে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রিপন, জাহিরুল, আলামিনসহ আরও কয়েকজন বন্ধু মিলে পিকনিকে যায়। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখে পরের দিন আলামিন সকালে রিপনকে বাসায় ডাকতে যায়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় সে জানালা দিয়ে উঁকি দিয়ে রিপনের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়। এসময় আলামিন এলাকাবাসিকে জানায়। এলাকাবাসি পরে বোদা থানায় খবর দিলে বোদা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে রিপনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চন্দনবাড়ী ইউনিয়নের সফির উদ্দিনের ছেলে জাহিরুল ইসলাম এবং পাঁচপীর ইউনিয়নের সফিকুলের ছেলে আলামিনকে আটক করেছে। বোদা থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই বন্ধুকে আটক করা হয়েছে।
