ফুলগাজী উপজেলার মুন্সির হাট ইউনিয়নের বদরপুর গ্রামে গত শুক্রবার সকালে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হয়েছে। পরে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থিতদের চারটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে বদরপুর বাজারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারের পোস্টার লাগানোর সময় স্থানীয় যুবলীগ নেতারা বাধা দেয়। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক পাটোয়ারীর নেতৃত্বে ৮-১০ জন যুবলীগ নেতা এলাকায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একরামুল হক একরামের পোস্টার ছাড়া অন্য কারো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয়। এ নিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি সমর্থিতরা আওয়ামী লীগ সমর্থিতদের ধাওয়া দিয়ে একরাম পাটোয়ারীকে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে জন্টু, হেলাল, ফরহাদ, সাইফুল, ইব্রাহিম, বাবুল, শিপু ও কবিরের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগের ৫০-৬০ জন সশস্ত্র ক্যাডার বিএনপি সমর্থক নুরুল ইসলাম, আবদুল কাদের, আবদুল জলিল ও নূর মোহাম্মদের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। একই সময় বদরপুর বাজারেও ছাত্রলীগ-যুবলীগ কয়েকটি দোকান ভাংচুর করে।
ফুলগাজী থানার ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
