আফগানিস্তানের কাবুলে হোটেল সেরেনায় তালেবানের হামলায় নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে এই হোটেলে অতর্কিতভাবে চার সশস্ত্র ব্যক্তি ঢুকে গুলি চালালে নয়জন নিহত হয়।
নিহত দু’জন বাংলাদেশির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ড. ওয়াসিম জামান। মালয়েশিয়ার একটি সংস্থার পক্ষে আফগানিস্তান পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ড. জামানের বাবা ছিলেন অবিভক্ত পাকিস্তানের শিল্পমন্ত্রী ওয়াহিদুজ্জামান। তারা গোপালগঞ্জ জেলার সন্তান। নিহত ড. ওয়াসিম জামান জাতিসংঘের জনসংখ্যা তহবিলসহ বিভিন্ন সংস্থায় দীর্ঘদিন কাজ করেন। দুই বছর আগে অবসরে যান। পরে মালয়েশিয়ায় একটি সংস্থার প্রধান হিসাবে যোগ দেন। তার তিন মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। স্ত্রী থাকেন কুয়ালালামপুরে। কাবুলে নিহত অপর বাংলাদেশির পরিচয় জানা যায়নি।
