প্রকৃতি ও মানুষের জীবন ছবি

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ১৯:৪২
প্রকৃতি, মানুষ ও মানুষের জীবন এত সাবলীলভাবে উঠে আসে প্রজন্মের ক্যানভাসে যে সববয়সী দর্শক মোহময়তায় আবিষ্ট হন। তেমনই এই প্রজন্মের একজন মেধাবী শিল্পী সমর মজুমদার। মূলত তিনি একজন প্রচ্ছদ শিল্পী হিসেবেই ব্যাপক পরিচিত। পাঁচ শ’র বেশি বইয়ের প্রচ্ছদ করা এই শিল্পীর প্রথম একক প্রদর্শনী শুরু হয়েছে গত বুধবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। ‘সয়েল অ্যান্ড স্পিরিট’ শিরোনামেই এই প্রদর্শনী নিয়ে আমাদের এবারের আয়োজন তেলরং, অ্যাক্রিলিক ও মিক্সড মিডিয়া ব্যবহার করে ক্যানভাসে নিজের ভাবনা প্রকাশ করেছেন প্রজন্মের মেধাবী শিল্পী সমর মজুমদার। প্রদর্শনীতে রয়েছে মোট ৭০টি শিল্পকর্ম। এরমধ্যে ৩৯টি চিত্রকর্ম আঁকা পটচিত্রের আদলে। পাশাপাশি বিমূর্তভাবে তুলে ধরছেন গ্রামীণ মানুষের জীবনযাপন, রয়েছে মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে আঁকা কয়েকটি চিত্রকর্ম। প্রদর্শনী প্রসঙ্গে সমর মজুমদার বলেন, ‘এ আয়োজনের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি রয়েছে। যেহেতু আমি একজন সরকারি চাকরিজীবী, তাই ছয়-সাত বছরের মধ্যে যে জায়গাগুলোয় গিয়েছি, সেসব স্থানের প্রতিচ্ছবি রয়েছে আমার শিল্পকর্মে।’ সমর মজুমদারের জন্ম ১৯৫৭ সালে ফেনীর কড়ইয়া গ্রামে। চারুকলা থেকে ফাইন আর্টসে পড়াশোনা শেষে ১৯৮২ সালে যোগ দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নকশাবিদ হিসেবে। পাশাপাশি অসংখ্য বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে পরিচিত তিনি। প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশিত শওকত আলীর উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৬), মঞ্জু সরকারের ‘মৃত্যুবাণ’ (১৯৮৬ ), আগামী প্রকাশনা থেকে প্রকাশিত হুমায়ুন আজাদের ‘নির্বাচিত প্রবন্ধ’সহ (১৯৯৯) বিভিন্ন গ্রন্থের প্রচ্ছদ করেছেন তিনি। ‘নির্বাচিত প্রবন্ধ’ বইয়ের প্রচ্ছদের জন্য জাতীয় গ্রন্থ থেকে পেয়েছেন শ্রেষ্ঠ প্রচ্ছদশিল্পীর পুরস্কার। প্রদর্শনীর উদ্বোধন করে উদ্বোধক প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামান। শিল্পীর উদ্দেশে তিনি বলেন, ‘মনে কোনো কুণ্ঠাবোধ থাকলে তা ঝেড়ে ফেলে দিয়ে এগিয়ে যেতে। এখানেই থামলে চলবে না। দেশবরেণ্য শিল্পীদের মধ্যে তিনিও এক সময় প্রতিষ্ঠিত হবেন এই প্রদর্শনী তারই প্রমাণ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী সমরজিত্ রায় চৌধুরী। সভাপতিত্ব করেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার। সমর মজুমদার তার প্রদর্শনীটি সাজিয়েছেন তিন সিরিজের ৭০টি চিত্রকর্ম দিয়ে। ‘একাত্তর’ সিরিজে রয়েছে তিনটি, ‘ইমার্জ দাইসেলফ’ সিরিজে ২৫টি ও টাইটেল সিরিজ ‘সয়েল অ্যান্ড স্পিরিট’-এ রয়েছে ৪২টি। তেলরং, অ্যাক্রিলিক ও মিক্সড মিডিয়া ব্যবহার হয়েছে বেশিরভাগ চিত্রকর্মে। সাদা ক্যানভাসে প্রকাশ করেছেন নিজের ভাবনা। চিত্রকর্ম আঁকা পটচিত্রের আদলে। পাশাপাশি বিমূর্তভাবে তুলে ধরছেন গ্রামীণ মানুষের জীবনযাপন, রয়েছে মুক্তিযুদ্ধকে বিষয়বস্তু করে আঁকা কয়েকটি চিত্রকর্ম। প্রদর্শনীটি ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।