লক্ষ্মীপুরের ৩৪ ভাগ জেলে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪১
লক্ষ্মীপুর জেলায় তালিকাভুক্ত ৩৯ হাজার জেলে পরিবারের মধ্যে ২৫ হাজার ৯৪৭ জনের জন্য চলতি জাটকা মৌসুমের খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে। সে কারণে জেলার ৩৪ ভাগ জেলে পরিবার এ বছর খাদ্য সহায়তা হতে বঞ্চিত হবে। ইলিশের উত্পাদন বৃদ্ধির জন্য গত একদশক ধরে মেঘনা নদীতে নভেম্বর হতে মে মাস পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ সময় জেলেদের প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। লক্ষ্মীপুর জেলা মত্স্য কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, বিগত বছরগুলোতে বরাদ্দ কম আসায় গড়ে ৫০ ভাগ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেয়া গেছে। সরকার এ বছর ১০ কেজি বাড়িয়ে জেলে পরিবার প্রতি ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। লক্ষ্মীপুর জেলা মত্স্যজীবী ফেডারেশনের সভাপতি মোস্তাফা বেপারী জানান, জেলে পরিবারের সংখ্যা অনুযায়ী খাদ্য বরাদ্দ দেয়া না হলে বঞ্চিত জেলেরা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়বে।