তিনস্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। খবর আমাদের সংবাদদাতাদের।
সুন্দরগঞ্জে পাল্টাপাল্টি অগ্নিসংযোগ
উপজেলার মধ্য নিজাম খাঁ গ্রামে পাল্টাপাল্টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন থেকে নিজাম খাঁ গ্রামের আব্দুল গফফারের সাথে প্রতিবেশী আলম মিয়ার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার গফফারের লোকজন আলমের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে তার বসবাসরত একটি টিনশেড ঘর পুড়ে যায়। পরে আলমের লোকজন ক্ষিপ্ত হয়ে গফফারের বাড়িতে অগ্নিসংযোগ করলে গফ্ফারের বসবাসরত একটি আধাপাকা ঘর, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
কালিয়াকৈরে ১১ ঘর পুড়ে ছাই
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সফিপুর দক্ষিণ এলাকায় শনিবার একটি বাড়ির ১১টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবি করেছে। ওই এলাকার রুবেলের বাড়িতে ওইদিন ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে ১১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগে ওই কলোনীর সব ঘর পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
দোহারে অগ্নিকাণ্ড
দোহার ঢাকা উপজেলার মেঘুলা বাজারের কাপড় ব্যবসায়ী মোশারফ হোসেনের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী পরিবারের দাবি। রবিবার উপজেলার মেঘুলা গ্রামে ফ্রিজের স্ট্যাবিলাইজার থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে। দোহার থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা জানান, বিষয়টি কেউ জানায়নি।
