ফতুল্লায় আইন-শৃঙ্খলার অবনতি বাড়ছে খুনের ঘটনা

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪৭
নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল খ্যাত ফতুল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম হুমকির মুখে। একের পর এক খুন, ঝুট সন্ত্রাসীদের মহড়া-সংঘর্ষ আর মাদকের যত্রতত্র বিস্তারের কারণে পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। শুক্রবার বিকাল থেকে ১২ ঘণ্টার মধ্যে ফতুল্লায় ৩টি খুনের ঘটনা ঘটেছে। আর এ নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত শুক্রবার রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় রাকিবুল হাসান রকি (২৬) নামে এক ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদের হাতে খুন হন। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে হত্যা করে। শুক্রবার রাতেই কাশিপুর এলাকা থেকে উদ্ধার করা হয় সোয়েব ওরফে সোহেল (২২) নামে এক হোসীয়ারি ব্যবসায়ী যুবকের লাশ। শনিবার সকালে ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকার একটি ডোবা থেকে শিপলু বেপারী (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করতে গিয়েই খুন হয়েছেন তিনি। এছাড়া গত ১৫ মার্চ রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা। ১৮ মার্চ শহরের দেওভোগ এলাকায় গার্মেন্ট ব্যবসায়ী সুজনকে পিটিয়ে হত্যা করা হয়। ১৩ মার্চ শহরের গোগনগর এলাকা থেকে স্কুল ছাত্র শিশু সাব্বির নিখোঁজ হয়। পরে ১৬ মার্চ শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। গত ১২ মার্চ ফতুল্লার উত্তর ইসদাইরে এক তরুণী গণধর্ষণের শিকার হয়। গত ১১ মার্চ কাশিপুর উত্তর গোয়ালবন্দ এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ অন্তত ৮ জন আহত হন। এছাড়াও ফতুল্লার বিশাল নীট সেক্টর বিসিকে প্রায় প্রতিদিনই সক্রিয় ২০টি ঝুট সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মহড়া দিয়ে চলেছে। অভিযোগ রয়েছে, ফতুল্লা বিসিকের এক ঝুট সন্ত্রাসীর বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। ওই সন্ত্রাসীর বাহিনীর হাতে নরসিংপুর এলাকায় নূর হোসেন নামে এক ব্যক্তি খুন হলেও সেই মামলা এখন ডিপফ্রিজে। এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান, ফতুল্লা থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করলে পরিস্থিতির এতটা অবনতি ঘটতো না। তিনি বলেন, আইন-শৃঙ্খলার এমন পরিস্থিতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অন্যদিকে ফতুল্লা থানার ওসি আকতার হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।