আজ বিশ্ব যক্ষ্মা দিবসে চট্টগ্রামে নানা কর্মসূচি

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২১:৪৭
আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘যক্ষ্মার সেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে।’ প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক ও জাতীয়ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হবে। প্রেস ক্লাবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম প্রেস ক্লাব, ব্র্যাক ও সহযোগী সংস্থাসমূহের যৌথ উদ্যোগে গতকাল রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. সরফরাজ খান চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের চট্টগ্রাম জোনের ঊর্ধ্বতন আঞ্চলিক ব্যবস্থাপক কাজী নূরুন্নবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. কৃষ্ণ স্বরূপ দত্ত। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. রফিক উদ্দিন, মেডিক্যাল অফিসার ডা. মোরশেদুল করিম, এনটিপি-র কনসালটেন্ট ডা. বিশাখা ঘোষ উপস্থিত ছিলেন। আজ সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থিয়েটার ইনস্টিটিউট গিয়ে শেষ হবে। এরপর সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউটে যক্ষ্মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। শোভাযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।