ছিল বইয়ের বাজার হয়ে গেল পোশাকের মার্কেট। শুধু তাই নয়, সেই পোশাকের মার্কেটও গড়ে উঠেছে একটা চরিত্র নিয়ে। বইয়ের বাজার থেকে বাংলার পোশাকের বাজারে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ-তরুণীদের জন্য দেশি খাদি, সুতি কাপড়ে দেশি ডিজাইনের পোশাক পাওয়া যায় এখানে। রাজধানীর সব মার্কেটের চাইতে ভিন্ন চরিত্র শাহবাগের আজিজ সুপার মার্কেটের।
এবারের ঈদেও দেশি কাপড় ও দেশজ ঐতিহ্যনির্ভর পোশাক নিয়ে এসেছে আজিজের বিভিন্ন বুটিক শপগুলো। জমে উঠেছে আজিজ সুপার মার্কেটের ঈদের বেচাকেনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, হোম ইকোনমিক্স কলেজের শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা নিত্যনতুন বাহারি পোশাকের টানে আসেন এখানে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি চলে যাবেন তাই কেনাকাটা জমে উঠেছে আগেই। আজিজ মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় অসংখ্য পোশাকের দোকান। বর্ণিল সালোয়ার কামিজ, কুর্তা, পাঞ্জাবি, শাড়ি এবং ছেলেদের শার্ট ও টি-শার্টে ঝলমল করছে পুরো মার্কেট।
নানা পণ্যের পসরা এখানে। এবারের ঈদ উপলক্ষে ছেলেদের নানা ডিজাইনের পাঞ্জাবি রয়েছে। এসব পাঞ্জাবির দাম বেশ কম, ৮০০ থেকে ২ হাজার টাকায় মিলবে পাঞ্জাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অয়ন বললেন, বাড়ি চলে যাব তাই পাঞ্জাবি কিনতে এসেছি। এখানকার ডিজাইনগুলো ভালো লাগে। তাই এসেছি। এখানে সিল্কের পাঞ্জাবির পাশাপাশি রয়েছে সুতি, খাদি এবং তাঁতের কাপড়ের পাঞ্জাবি। এর মধ্যে সাদা সুতি পাঞ্জাবি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, রঙিন সুতি হাতের কাজের পাঞ্জাবি ৯০০-১৩০০ টাকা, সিল্কের এক্সক্লুসিভ পাঞ্জাবি ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা, শর্ট পাঞ্জাবি ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।
ইডেন কলেজের শিক্ষার্থী নাসরিন সালাম জানালেন, আমি এখান থেকে সালোয়ার কামিজ কিনি মূলত এখানকার ডিজাইনের জন্য। তাছাড়া, কাপড়ও আরামদায়ক এবং দাম সাশ্রয়ী। সালোয়ার কামিজের মধ্যে রয়েছে সিঙ্গেল কুর্তা যেসবের দাম ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। সালোয়ার কামিজ পাওয়া যাবে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকায়। এছাড়াও হাল ফ্যাশনের টপ, বালাজোও পাবেন ফ্যাশন হাউজগুলোতে।
এই গরমে আরামপ্রদ পোশাক হিসেবে অনেকের কাছেই পোলো টি-শার্ট পছন্দের। তাই তরুণীদের পছন্দের তালিকায় ফতুয়া, টপস, স্লিভলেস, সালোয়ার কামিজের পাশাপাশি পোলো টি-শার্ট যেন ভিন্ন আমেজ এনে দেয়। আজিজ মার্কেট টি-শার্টের জন্যও বেশ প্রসিদ্ধ। বিশেষ করে টি-শার্টের বুকের কাছে নকশা এই মার্কেটে যেমনটা মেলে আর কোথাও তেমন পাওয়া যায় না। বিভিন্ন রং, নকশা এবং সাইজের টি-শার্টগুলোর দাম পড়বে ১৭০ থেকে ৩৯০ টাকার মধ্যে।
আজিজ সুপার মার্কেটে অন্যান্য উল্লেখযোগ্য পোশাক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তারা মার্কা, থ্রিজি, নন্দ কুটির, স্বপ্নবাজ, লোকজ, প্রচ্ছদ, গোকুল, দেশীয়া, বরণ, নহলী, সুঁইসুতা, ঐশী, আতশী, ফাতিহা, টেক্কা, বাংলার রং, ১৯৭১, বাঙ্গাল, নক্ষত্র, মেঠোপথ, ক্যানভাস, বসন, সারাবেলা, চরকি, ষড়ঋতু, ব্যতিক্রম, ফেরিঅলা, বান্নি, যোগী, রঙ, সাদাকালো, বিবিয়ানা, নক্ষত্র, আইডিয়াস, সেভেন, ইজি, কানন, গাঁওগেরাম, ফোর ডাইমেনশন, পৌষ, প্রজাপতি, টোটেম, আবরু প্রভৃতি।
