রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা টার্মিনাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা খায়রুল আলম মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সায়েদাবাদ টার্মিনালে আধিপত্য বিস্তার ও টার্মিনালের ইজারাকে কেন্দ্র করে গত বছরের ৭ নভেম্বর মতিঝিল সমবায় ব্যাংকের দ্বিতীয় ও তৃতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় ছুরিকাঘাতে খায়রুলকে হত্যা করা হয়। নিহত খায়রুল ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম। ঘটনার পর ডিবি পুলিশ সায়েদাবাদ আন্তঃজেলা টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি আবুল কালামকে গ্রেফতার করে। পরে আরো ৬ জনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়।
আদালতে স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি প্রদান করেন আলমগীর হোসেন, নায়মুর রহমান দুর্জয়, সালাউদ্দিন ও আলম। পরে ডিবি পুলিশ এ ঘটনায় আবুল কালাম, আলমগীর হোসেন, নায়মুর রহমান দুর্জয়, সালাউদ্দিন, এবিএম আওলাদ হোসেন, মো. আলী আকবর বাবুল, মুসফিকুল মান্নান বায়ু, তৈয়ব আলী, বাচ্চু মিয়া, গিয়াস উদ্দিন জাফর, সুমন রেজা, সেলিম সারোয়ার, মান্নান ভুঁইয়া, মোক্তার হোসেন নিপা, সাইদুজ্জামান শান্ত ও রহমত উল্লাহ সেন্টুকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।
