ইত্তেফাক রিপোর্ট
প্রগতিশীল কলামিস্ট ফোরাম-এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের জন্যই। ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনার গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । সংগঠনের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) এর উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এবং কবি ও প্রাবন্ধিক অধ্যাপক গাউসুর রহমান বক্তব্য রখেন । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্যসচিব কবি সৌরভ জাহাঙ্গীর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম প্রমুখ।
আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের জন্যই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই বঙ্গবন্ধুর হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদের বিচার এখন সময়ের দাবি।
অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশের পুনর্জাগরণ হয়েছিল । অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ফলে দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জেল হত্যার বিচার সম্ভব হয়েছে। অধ্যাপক ড. আসকারী বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে উন্নত দেশ গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
