রংপুরে চার লেন সড়ক প্রশস্তকরণের কাজে বাধা সৃষ্টিকারী ৩ প্রতিষ্ঠানের মধ্যে আহার হোটেল এন্ড কনভেনশন সেন্টার (শাহ বারি টাওয়ার) ভবনের সামনে গতকাল রবিবার সকালে ৩ ট্রাক ময়লা ও দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ এবং মরা কুকুরের লাশ ফেলে দিয়ে অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় মহানগরীতে তোলপাড় শুরু হয়েছে। তবে কে বা কারা আবর্জনা ফেলে রেখে গেছে তা জানা যায়নি। রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আলটিমেটাম অনুযায়ী ভবন মালিকরা তাদের স্থাপনা অপসারণ না করায় এভাবে প্রতিবাদ জানানো হয়। তবে সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ভবনের সামনে ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ অস্বীকার করে বলেন, রংপুরের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সচেতন জনগণ সোচ্চার হয়ে সামনে আবর্জনা ফেলতে পারে। এ ঘটনার সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পর্ক নেই। তিনি জানান, রংপুরের প্রধান সড়কের উন্নয়ন কাজ ব্যাহত হওয়ায় সিটি কর্পোরেশনের আওতাধীন অনেকগুলো রাস্তার দেশি-বিদেশি বরাদ্দ বন্ধ হয়ে আছে। ভবন মালিকরা যাতে জমির উপযুক্ত মূল্য পায় সে ব্যাপারে আমিও তাদের সঙ্গে আছি।
প্রতিষ্ঠানগুলোর মালিকদের দাবি, তাদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হচ্ছে তা খুবই কম। সে কারণে তারা হাইকোর্টে রীট আবেদন করেছেন।
