টঙ্গীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২৩:২৮
টঙ্গীর দত্তপাড়া এলাকায় ধূমকেতু স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আপন নিখোঁজের তিনঘণ্টা পর তার পিতা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন শনিবার সন্ধ্যায় বাসার পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করা হয় আপনের। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহতের পিতা গার্মেন্ট কর্মী আমিনুল ইসলাম পিন্টু জানান, শুক্রবার আপন বাসার সামনের গেটে খেলা করছিলো, ছুটির দিন থাকায় আমি বাসার কাজে ব্যস্ত ছিলাম। দীর্ঘক্ষণ ছেলেকে না দেখে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে এলাকাবাসীর পরামর্শে রাত ১০টায় টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করি। আর এই ডায়েরি করার কারণে সন্ত্রাসীরা আমার শিশু পুত্রকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। নিহত শিশুর মা আঁখি আক্তার জানান, ২০ দিন পূর্বে আমার ফোনের দোকানে চুরি হয়। তখন আমি ওই চুরির ঘটনা নিয়ে এলাকার কিছু যুবককে গালমন্দ করি। এ ঘটনা ছাড়া আমার পরিবারের সাথে কারো কোন বিরোধ নেই। টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, শিশু আপনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ ময়মনসিংহের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।