নওগাঁয় ১৫ কোটি টাকা উদ্ধার না হলেও চলছে সমবায়ের কার্যক্রম

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩২
জেলায় পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে এক সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় ১৫ কোটি টাকা এখনও উদ্ধার না হলেও প্রতিষ্ঠানটির ২২ শাখার মধ্যে ২১ শাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ম্যানেজার ও মাঠকর্মীরা। এছাড়া নিজেদের বাঁচাতে তারা গোপনে দফায় দফায় বৈঠক করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ প্রতিষ্ঠান থেকে টাকা উধাও হওয়ার সংবাদ গত ২১ ও ২২ মার্চ দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের ৪ হাজার আমানতকারী দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভায় ৩১ সদস্যের এক কমিটি গঠন করা হয়। সভায় বলা হয়েছে, পলাতক মাল্টিপারপাসের সভাপতি আহম্মদ আলী, পরিচালনা পরিষদের সদস্য এমদাদ, তোফায়েল ও আতাউর রহমানকে দ্রুত আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানসহ প্রশাসনের অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।