ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩২
বেশ দেরিতে হলেও এবার নগরীর ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। শনিবার দুপুরে সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত লালদিঘী হকার্স মার্কেটের বেশকিছু অবৈধ স্থাপনা ও ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ করা হয়েছে। অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই এই অভিযানের নেতৃত্ব দেন। মাদকদ্রব্য বিক্রি ও অসামাজিক কার্যকলাপের সপট হয়ে উঠেছিল এই স্থানটি। ঝুঁকিপূর্ণ লালদিঘী মার্কেটের হতশ্রী অবস্থা দেখে মেয়র নিজেই তাজ্জব বনে যান। তিনি বলেন, এরকম নোংরা পরিবেশে ব্যবসা করা তো দূরের কথা এখানে দীর্ঘসময় থাকলে অসুস্থ হয়ে পড়বে মানুষ। তিনি বলেন, এখানে পরিকল্পিত উপায়ে আধুনিক মার্কেট নির্মাণ করে হকারদের পুনর্বাসন করা হবে। এর আগে সিলেট নগরীর বুক চিরে বয়ে যাওয়া ৯ টি ছড়া ও খাল উদ্ধার অভিযান শুরু করা হয়। এছাড়া কিছুদিন থেকে নগরীর যানজট নিরসনে এক লেনে রিকশা চলাচলের ব্যবস্থা চলছে। সিটি মেয়রের এ সমস্ত পদক্ষেপ বেশ প্রশংসা কুড়িয়েছে।