তদন্ত কর্মকর্তার ফের সাক্ষ্য ২ এপ্রিল

আপডেট : ২৪ মার্চ ২০১৪, ২১:৩৪
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি যুক্তিতর্কের প্রায় শেষদিকে এসে ফের তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিচারক মো. রুহুল আমিন এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেন। এ বিষয়ে আসামিদের অন্যতম আইনজীবী মো. জসিম উদ্দিন বলেন, মামলার এ পর্যায়ে এসে বিধান অনুযায়ী সাক্ষিকে আদালতে পুনরায় তলব করার যথাযথ নিয়ম অনুসরণ না করেই রাষ্ট্রপক্ষ এ আবেদন করেছে যা বিধিসম্মত নয়। আমরা এর আপত্তি জানিয়েছি। আমরা ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবো। প্রসঙ্গত এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা প্রধান আসামি মুফতি আবদুল হা্ন্নানসহ আট আসামির পক্ষেই যুক্তিতর্ক শেষ হয়। শুধু পলাতক পাঁচজনের পক্ষে রাষ্ট্রের নিযুক্ত ‘ষ্টেট ডিফেন্স’ আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন বাকি রয়েছে। এ মামলার আসামি মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গীদের বোমা হামলায় মোট ১০ জন নিহত হয়।